জানতে চান আপনার আধার কার্ড নিরাপদ তো! কীভাবে বুঝবেন অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে না তো? – এবেলা
এবেলা ডেস্কঃ
বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্কুল-কলেজের ভর্তি কিংবা হোটেল বুকিং, সবক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজনীয়তা অপরিহার্য। তবে এই সুযোগকে কাজে লাগিয়েই সক্রিয় হয়ে উঠেছে প্রতারকরা। অন্যের আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে নানা ধরনের জালিয়াতির ঘটনা প্রায়ই সামনে আসছে। তাই আপনার অজান্তেই কেউ আপনার পরিচয়পত্রটি অপব্যবহার করছে কি না, তা সময়মতো জেনে নেওয়া অত্যন্ত জরুরি, অন্যথায় বড় বিপদের মুখে পড়তে পারেন আপনি।
এই ধরনের জালিয়াতি এড়াতে ইউআইডিএআই-এর ‘myAadhaar’ পোর্টালের ‘অথেন্টিকেশন হিস্ট্রি’ টুল ব্যবহার করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বরের ওটিপি দিয়ে লগ ইন করে এই অপশনে গেলে বিগত কয়েকদিনের সমস্ত ট্রানজাকশনের বিবরণ দেখতে পাবেন। যদি সেখানে কোনো সন্দেহজনক কার্যকলাপ নজরে আসে, তবে তৎক্ষণাৎ আধারের হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করুন বা ইমেলে অভিযোগ জানান। পাশাপাশি, এই ঝুঁকি এড়াতে পোর্টাল থেকে নিজের বায়োমেট্রিক লক করে রাখাই সবচেয়ে সুরক্ষিত উপায়।
