এক রাতেই এত বড় অস্ত্রভাণ্ডার! মাফিয়াদের ডেরায় এসটিএফের হানায় বেরিয়ে এল কোন ভয়ঙ্কর সত্যি? – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুরের অন্ডাল এলাকায় ইসিএলের একটি পরিত্যক্ত আবাসনে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার করল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। গ্রেপ্তার হওয়া দুই কুখ্যাত কয়লা মাফিয়াকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ। গত শনিবার রাতে ধৃতদের সঙ্গে নিয়ে ওই পরিত্যক্ত আবাসনে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র এবং ৫৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পাইপগান, ১১টি বিশেষ পাইপগান ও একটি পিস্তল। এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করার পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
গত মঙ্গলবার রাঁচি থেকে কুখ্যাত কয়লা মাফিয়া সামশের হোসেনকে গ্রেপ্তার করে এসটিএফ। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে গত মাসে সামশেরের কয়লা চোরাচালানের প্রধান সঙ্গী খইরুলকেও গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। ঝাড়খণ্ডসহ বিভিন্ন এলাকায় বেআইনি কয়লা কারবারের সঙ্গে এই দুই মাফিয়া জড়িত বলে জানা গিয়েছে। কয়লা চুরির পাশাপাশি তারা কোনো নাশকতামূলক পরিকল্পনা বা বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোথা থেকে এত অস্ত্র এল, তা জানতে ধৃতদের ফের জেরা করা হবে।
