বাংলার শিল্পায়ন কি সঠিক পথেই হাঁটছে? বিস্ফোরক তথ্য সামনে আনতে চলেছে রাজ্য সরকার! – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আয়োজিত আটটি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিপিএস সম্মেলনে বিনিয়োগের যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কতটা বাস্তবে কার্যকর হয়েছে তা খতিয়ে দেখে শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য সরকার। কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত এক শিল্প সম্মেলনে এই কথা জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। কোন প্রকল্পের ঘোষণা হয়েছিল, কতগুলি বাস্তবায়িত হয়েছে এবং কতগুলি ক্ষেত্রে ঘোষণার পর চুক্তি পর্যন্ত এগিয়েছে, পুরো বিষয়টিই এই শ্বেতপত্রে স্পষ্টভাবে তুলে ধরা হবে। অতীতের শিল্প সম্মেলনগুলিতে লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এলেও, সেই প্রতিশ্রুতিগুলির কতটা বাস্তবে রূপ পেয়েছে তা নিয়ে বিস্তারিত পর্যালোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যে বিড়লা গোষ্ঠীর নতুন করে বিনিয়োগের তীব্র প্রশংসা করে জানিয়েছেন যে এটি রাজ্যের পরিবর্তিত শিল্প পরিস্থিতিরই স্পষ্ট ইঙ্গিত। বর্তমান সরকার বর্তমানে একটি নতুন শিল্পনীতি তৈরির কাজ চালাচ্ছে, যার মাধ্যমে শিল্পের জন্য জমির সঠিক জোগান এবং সিঙ্গল-উইন্ডো ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর, তথ্যপ্রযুক্তি, পর্যটন ও লজিস্টিক্সের মতো একাধিক ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি শিলিগুড়িকে একটি প্রধান বাণিজ্য ও লজিস্টিক্স হাব হিসেবে গড়ে তোলার বিশেষ পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ শিল্প মহলের সঙ্গেও আলোচনা চলছে, যা আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোয় নতুন গতি আনতে পারে।
