কলকাতায় ওয়ার্ড বেড়ে ২০৯! নতুন সিমানায় ধাঁধা, চিন্তায় সাধারণ মানুষ থেকে নেতারা – এবেলা

কলকাতায় ওয়ার্ড বেড়ে ২০৯! নতুন সিমানায় ধাঁধা, চিন্তায় সাধারণ মানুষ থেকে নেতারা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ডিলিমিটেশনের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে একলাফে বেড়ে হয়েছে ২০৯। কিন্তু এই নতুন সীমানা পুনর্বিন্যাস নিয়ে চরম বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে। সম্প্রতি প্রকাশিত খসড়া তালিকায় কেবল কিছু রাস্তার নাম উল্লেখ থাকলেও, স্পষ্ট কোনো ওয়ার্ডের মানচিত্র বা বুথ নম্বরের উল্লেখ নেই। ফলে প্রাক্তন কাউন্সিলর কিংবা বিধায়করাও বুঝতে পারছেন না যে তাঁরা ঠিক কোন ওয়ার্ডের ভোটার!

আসন্ন নভেম্বর শেষের পুরভোটকে সামনে রেখে যাঁরা প্রার্থী হওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের দুশ্চিন্তা সবচেয়ে বেশি। নতুন ওয়ার্ডের ভৌগোলিক সীমানা ও ভোটার বিন্যাস স্পষ্ট না হওয়ায় কীভাবে জনসংযোগ শুরু করবেন, তা বুঝে উঠতে পারছেন না বাম, তৃণমূল কিংবা বিজেপির স্থানীয় কর্মীরা। সীমানার সঠিক ম্যাপ দেখতে বরো অফিসগুলোতে অনেকে যোগাযোগ করলেও সিভিল ইঞ্জিনিয়ারদের তরফ থেকে কোনো স্পষ্ট উত্তর মেলেনি।

পুরসভায় বসার জায়গা নিয়ে টানাটানি: ওয়ার্ড বৃদ্ধির প্রভাব পড়েছে ব্রিটিশ আমলে তৈরি কলকাতা পুরসভার ঐতিহাসিক হেরিটেজ ভবনেও। এত দিন পুরসভার প্রধান ‘কাউন্সিল চেম্বার’-এ ১৪৪ জন কাউন্সিলরের বসার ব্যবস্থা ছিল। এক ধাক্কায় সদস্য সংখ্যা আরও ৬৫ জন বেড়ে ২০৯ হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন পুরসভার কেয়ারটেকার ও ইঞ্জিনিয়াররা।

হেরিটেজ আইন অনুযায়ী অধিবেশন কক্ষের মূল নকশা বা ভাঙচুর করা সম্ভব নয়। নতুন কাউন্সিলরদের কীভাবে বসার জায়গা দেওয়া হবে, তা নিয়ে চিন্তার ভাঁজ মুখ্য ইঞ্জিনিয়ারের কপালে। আপাতত কিছু চেয়ার সরিয়ে পেছনের দিকে স্কুলের মতো লম্বা বেঞ্চ বসিয়ে জায়গা সংকটের সাময়িক সমাধান করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *