হাওড়ায় এবার বিশাল অস্ত্রভাণ্ডারের সন্ধান! পিলখানায় জঙ্গি যোগের অভিযোগে গ্রেপ্তার আরও এক যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ
গত কয়েকদিন আগেই হাওড়ার পিলখানার বাসিন্দা হামিম মন্ডলকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের গোয়েন্দারা। পিলখানায় হামিমের বাড়ির পাশাপাশি একটি কারখানার সন্ধান পান তদন্তকারীরা। এর পরই ওই এলাকায় অস্ত্রশস্ত্র লুকিয়ে থাকার আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই। মন্ত্রীর সেই আশঙ্কার পরেই নড়েচড়ে বসে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ পিলখানা এলাকায় বিশেষ তল্লাশি চালায়।
তল্লাশি অভিযানে ১৭ নম্বর পিলখানা ফার্স্ট বাই লেনের বাসিন্দা বছর ত্রিশের শেখ ইরফানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পিলখানা এলাকায় আরও কোথাও অস্ত্র মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। মন্ত্রীর আশঙ্কার পর এই গ্রেপ্তারি এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
