বিচারপতির ছবি সামনে রেখে শ্মশানে বিভীষিকা! জামিন পেতে কোন অন্ধকার জগতের পথ ধরলেন যুবকরা? – এবেলা

বিচারপতির ছবি সামনে রেখে শ্মশানে বিভীষিকা! জামিন পেতে কোন অন্ধকার জগতের পথ ধরলেন যুবকরা? – এবেলা

এবেলা ডেস্কঃ

আত্মীয়কে জেলমুক্ত করতে এবার সরাসরি বিচারপতির ওপর কালাজাদুর মতো গুরুতর চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ছত্তিশগড়ের বিলাসপুর জেলার দেওরি গ্রামের একটি শ্মশানে গভীর রাতে তন্ত্র সাধনার সময় হাতেনাতে ধরা পড়েন এক যুবক, যার নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

শুক্রবার রাতে স্থানীয় একটি শ্মশানে চার যুবক ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহার ছবি সামনে রেখে তন্ত্রসাধনা শুরু করেন। গভীর রাতে তাঁদের এই সন্দেহজনক কার্যকলাপ দেখে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। জনতার উপস্থিতি টের পেয়ে অন্ধকার সুযোগ নিয়ে তিনজন পালিয়ে গেলেও, ঋষিকেশ কুমার নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

ঘটনাস্থল থেকে প্রধান বিচারপতি সহ তিন ব্যক্তির ছবি, মৃত মাছ, লেবু, সিঁদুর ও নারকেল উদ্ধার করা হয়েছে। পুলিশি জেরায় ধৃত যুবক জানিয়েছে, কারাবন্দি এক আত্মীয়কে জামিন করাতে সোশ্যাল মিডিয়ায় এক তান্ত্রিকের সন্ধান পান তাঁরা। সেই তান্ত্রিকের নির্দেশেই বিচারপতির ছবি ব্যবহার করে এই কালাজাদু করা হয়েছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *