কলকাতা হাইকোর্টে নতুন অধ্যায়, বম্বে থেকে আসছেন স্থায়ী প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগে! – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্ট পেতে চলেছে নতুন স্থায়ী প্রধান বিচারপতি। বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগেকে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে পদে বসানোর সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়। শীর্ষ আদালতের পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে এই সুপারিশের কথা জানানো হয়েছে। কেন্দ্র তথা আইন মন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের পর বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই তিনি আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ২০ জুন হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সুজয় পাল অবসর গ্রহণ করেন। তারপর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আদালতের দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
বিচারপতি ঘুগের কর্মজীবন: মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ‘এমপি ল কলেজ’ থেকে আইন পাস করে ১৯৯০ সালে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগে। বম্বে হাইকোর্ট এবং ইন্ডাস্ট্রিয়াল কোর্টে দীর্ঘদিন সফলভাবে ওকালতি করার পর, ২০১৩ সালে তিনি বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন। চলতি বছর জুনে বম্বে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর সুপ্রিম কোর্টে নিযুক্ত হলে, বিচারপতি ঘুগে সেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান। এবার তিনি কলকাতা হাইকোর্টের পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
