‘এটা বাংলার সংস্কৃতি নয়!’ মমতার ওপর হামলায় সরব বিজেপি, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের – এবেলা

এবেলা ডেস্কঃ

হালিশহরে থানা হেফাজতে নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম জনরোষের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দেওয়া ছাড়াও, কনভয় লক্ষ্য করে কাদা, জুতো এবং ইট ছোড়ার গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি গাড়ির কাচে কাদা লেপে দেওয়া হয় বলেও জানা গেছে।

এই অপ্রত্যাশিত ও হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি বলেন, “পুলিশের সামনেই এমন হামলা চালাল! আমাদের তো মাথা ফেটে যেতে পারত, মৃত্যু পর্যন্ত হতে পারত।” তাঁর সঙ্গে থাকা দলীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, স্থানীয় আইসি-র প্রত্যক্ষ মদতেই বাইরে থেকে দুষ্কৃতী এনে এই হামলা করানো হয়েছে। অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনাকে ‘জঙ্গলের রাজত্ব’ বলে ব্যাখ্যা করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অগ্নিমিত্রা পালের কড়া প্রতিক্রিয়া:

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মমতার রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করলেও এই ধরনের অভব্যতাকে একেবারেই সমর্থন জানাননি তিনি। অগ্নিমিত্রা স্পষ্ট ভাষায় বলেন:

“মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে বহু ত্রুটি থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাঁর দিকে কাদা বা জুতো ছুড়ে চোর-চোর স্লোগান দেওয়া হবে। ‘হোয়াট ইজ দিস?’ এটা বাংলার সংস্কৃতি হতে পারে না।”

তিনি আরও হুঁশিয়ারি দেন যে, যদি বিজেপি কর্মী নাম দিয়ে কেউ এই ধরনের কাজ করে বাহবা পাওয়ার আশা করে, তবে দল ও প্রশাসন তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। এই ধরনের আচরণে রাজ্য বিজেপি বা মুখ্যমন্ত্রীর বিন্দুমাত্র সমর্থন নেই বলেও তিনি পরিষ্কার করে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *