ভারতে বিপ্লব আনতে চলেছে ডেটা সেন্টার! তৈরি হবে চার লক্ষেরও বেশি চাকরি ও নতুন শহর – এবেলা

এবেলা ডেস্কঃ
সময়ের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে ভারতের ডেটা সেন্টার ক্ষেত্র, যা প্রযুক্তি খাতের গণ্ডি ছাড়িয়ে রিয়েল এস্টেট বাজারেও বিপ্লব ঘটাতে চলেছে। প্রপটেক কো ম্পা নি স্কয়ার ইয়ার্ডস-এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আগামী ২০৩০ সালের মধ্যে দেশের প্রস্তাবিত ডেটা সেন্টার প্রকল্পগুলি প্রায় ৪,৩৩,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। এর পাশাপাশি প্রায় ১৯.৫ কোটি বর্গফুট নতুন বাড়ির চাহিদা তৈরি হবে, যা দেশের আবাসন শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বর্তমানে ভারত প্রায় ৯,০৩০ মেগাওয়াট ডেটা সেন্টারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
এই বিশাল অগ্রগতির মূল প্রভাব দেখা যাবে ডেটা সেন্টার থেকে ৫ থেকে ১৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায়, যাকে ‘গোল্ডেন রিং’ বা ‘ডোনাট এফেক্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অঞ্চলগুলিতে সড়ক, বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থার উন্নতির পাশাপাশি নতুন আবাসিক প্রকল্প, দোকান ও লজিস্টিকস হাব গড়ে উঠবে। মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিতে আবাসনের চাহিদা সর্বোচ্চ থাকবে। দিল্লি ও মুম্বাইয়ের পাশাপাশি টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিও এই ব্যাপক উন্নয়নের সুফল পাবে।
