“বলপ্রয়োগ ভুল, কথা বলুন!” ঝাড়খণ্ডে জোট সরকারকেই কড়া বার্তা রাহুলের – এবেলা

এবেলা ডেস্কঃ
ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উত্তাল ছাত্র আন্দোলন নিয়ে এবার সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঝাড়খণ্ডে জেএমএম (JMM)-এর নেতৃত্বাধীন জোট সরকারের শরিক কংগ্রেস হলেও, বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের তীব্র সমালোচনা করেছেন তিনি।
রাহুল স্পষ্ট জানান, আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ করা একেবারে অনুচিত। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে। জোট সরকার বা কেন্দ্রীয় সরকার—যে-ই হোক না কেন, শিক্ষার্থীদের দাবি শুনে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা প্রতিটি সরকারের দায়িত্ব।
উল্লেখ্য, সোমবার ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে শিক্ষার্থীদের বিশাল মিছিল পুলিশি বাধা টপকে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস চালায়।
এদিকে, বিধানসভার অধিবেশন মুলতবি হওয়ার আগে ঝাড়খণ্ডের মন্ত্রী তথা জেএমএম নেতা সুদিব্য কুমার অভিযোগ করেন, বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে এই ছাত্র আন্দোলনকে ‘হাইজ্যাক’ করার চেষ্টা করছে। পাশাপাশি, দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি দমনপীড়নের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কৈফিয়ত দাবি করেছেন রাহুল গান্ধী।
