‘আমরাই আসল তৃণমূল!’ দলীয় টাকার দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ বিদ্রোহীরা – এবেলা

‘আমরাই আসল তৃণমূল!’ দলীয় টাকার দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ বিদ্রোহীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

দলীয় তহবিলের টাকার ওপর কেন শুধু ‘কালীঘাট তৃণমূলের’ অধিকার থাকবে—এই প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বিদ্রোহী তৃণমূল শিবির। দলের ফ্রিজ হয়ে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি চেয়ে বিদ্রোহী শিবিরের পক্ষে শীর্ষ আদালতে মামলা করেছেন বিধায়ক বিশ্বনাথ দাস। মঙ্গলবার বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রশান্ত বি বরলের বেঞ্চে মামলাটির শুনানি রয়েছে।

এর আগে কলকাতা হাই কোর্ট এক অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল, সেপ্টেম্বর মাস পর্যন্ত দলের দৈনন্দিন কাজকর্ম, দলীয় কর্মসূচি ও আইনি খরচের জন্য কালীঘাট তৃণমূল ওই তহবিল থেকে টাকা ব্যবহার করতে পারবে। তবে জমার বড় কোনো অংশ খরচ করা যাবে না এবং কোন কাজে কত টাকা দেওয়া হবে, তা নির্ধারণ করবেন আদালত কর্তৃক নিযুক্ত একজন ‘স্পেশ্যাল অফিসার’।

হাই কোর্টের এই নির্দেশে ঋতব্রত শিবিরকে কোনো অর্থ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। বিদ্রোহী শিবিরের আইনজীবীরা এর আগে আদালতে দাবি করেছিলেন, তাঁরাই ‘আসল তৃণমূল’ এবং দল ও তহবিলের ওপর তাঁদেরই অধিকার রয়েছে। তবে হাই কোর্ট স্পষ্ট জানিয়েছিল, ‘কে আসল তৃণমূল’ তা বিচার করার কাজ নির্বাচন কমিশনের, আদালতের নয়।

হাই কোর্টে সুবিধা না পাওয়ায় এবার দলের তহবিলের সমান অধিকারের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ল ঋতব্রতপন্থী তৃণমূল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *