খনি থেকে রাজ্যের আয় কি এবার বন্ধ? সংসদে নতুন বিল এনে বড় চমক কেন্দ্রের! – এবেলা

এবেলা ডেস্কঃ
সংসদে বিরোধীদের হট্টগোলের মাঝেই খনি ও খনিজ পদার্থের ওপর রাজ্যের অধিকারে লাগাম টানতে চলেছে কেন্দ্র। সম্প্রতি সংসদে পেশ করা হয়েছে ‘মাইনস অ্যান্ড মিনারেলস সংশোধনী বিল ২০২৬’। এতদিন লিথিয়াম, কোবাল্ট বা নিকেলের মতো খনিজ পদার্থের লিজ দেওয়া এবং কর বা সেস বসানোর ক্ষেত্রে রাজ্যের উল্লেখযোগ্য ক্ষমতা ছিল। কিন্তু নতুন এই বিল আইনে পরিণত হলে রাজ্যের সেই স্বাধীনতায় বড়সড় রাশ টানা হবে। লিজ প্রদান ও কর সংক্রান্ত আইনি জটিলতা কাটাতে কেন্দ্রের এই পদক্ষেপ বলে দাবি করা হলেও, এর ফলে রাজ্যের আর্থিক অধিকার অনেকটাই খর্ব হতে চলেছে।
২০২৪ সালে সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, খনিজ সমৃদ্ধ জমির ওপর কর বসানোর অধিকার রাজ্যের রয়েছে। তবে প্রয়োজনে সংসদ আইন করে এর একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিতে পারে। শীর্ষ আদালতের সেই রায়কে হাতিয়ার করেই বিলে নতুন ৯(ডি) ধারা যুক্ত করেছে কেন্দ্র। এর ফলে রাজ্যগুলি আর নিজেদের ইচ্ছামতো অতিরিক্ত কর বা লেভি বসাতে পারবে না। কর আরোপ করতে হলেও তা কেন্দ্রের অনুমোদিত নির্দিষ্ট সীমার মধ্যেই করতে হবে। খনি সংস্থাগুলি এর ফলে বড়সড় আইনি রক্ষাকবচ পেলেও, এই নয়া বিল ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে নতুন করে তীব্র সংঘাতের সম্ভাবনা তৈরি হলো।
