বারাসাতে বামেদের আইন অমান্য ঘিরে ধুন্ধুমার! আটক বহু আন্দোলনকারী – এবেলা

বারাসাতে বামেদের আইন অমান্য ঘিরে ধুন্ধুমার! আটক বহু আন্দোলনকারী – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার আট দফা দাবিতে বামফ্রন্টের ডাকা আইন অমান্য ও জেল ভরো কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল বারাসাতে। এদিন বারাসাত রেল স্টেশন চত্বর থেকে সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি সহ অন্যান্য বাম দলগুলির একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি কেএনসি রোড ধরে জেলাশাসকের দপ্তরের দিকে অগ্রসর হওয়ার সময় মাঝপথেই তা আটকে দেয় পুলিশ। ব্যারিকেড সরিয়ে আন্দোলনকারীরা জোর করে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাদের তীব্র বচসা ও তুমুল ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন বাম আন্দোলনকারীকে আটক করে বারাসাত থানার পুলিশ।

মূলত ফুটপাত হকারমুক্ত করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা, জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা, বাস রুটে অটো বন্ধ করা এবং স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে এদিন পথে নামে বামেরা। পুলিশি বাধার মুখে পড়ে ক্ষুব্ধ বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, পুলিশ দিয়ে সাধারণ মানুষের এই ন্যায্য আন্দোলন কোনওভাবেই থামানো যাবে না। পাশাপাশি তিনি স্পষ্টভাবে মনে করিয়ে দেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার দেশের সংবিধানেই স্বীকৃত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *