খাবারের ট্রাকে লুকিয়ে বিমান বদল! ডোনাল্ড ট্রাম্পের জীবনের ঝুঁকি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে – এবেলা

এবেলা ডেস্কঃ
তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে আমেরিকা ফেরার পথে চরম গোপনীয়তা অবলম্বন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তার কড়াকড়ির জেরে ক্যামেরার সামনে পুরনো এয়ার ফোর্স ওয়ানে ওঠার নাটক করলেও, বাস্তবে তাঁকে বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাকে লুকিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। ট্রাম্পের এই গোপন যাত্রার নেপথ্যে ছিল তেহরানের সরাসরি হুমকি এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার আবহ।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল, ব্রিটেন হয়ে পুরনো বিমানে ট্রাম্প স্বদেশে ফিরেছেন। তবে ওয়াশিংটন পোস্টের দাবি, আঙ্কারা থেকে তাঁকে অত্যন্ত গোপনে মার্কিন বিমানবাহিনীর বিশেষ বিমানে তোলা হয়। যদিও ট্রাম্প নিজে নিরাপত্তার কারণে এই বিমান বদলের কথা সরাসরি স্বীকার করেননি। বরং তিনি দাবি করেন, পুরনো দিনের স্মৃতি ফেরাতেই তিনি ওই বিশেষ বিমানে ভ্রমণ করেছিলেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন যে তিনি ইরানের হিটলিস্টে রয়েছেন এবং তাঁর জীবন নিয়ে মারাত্মক ঝুঁকি রয়েছে।
