‘হেফাজতে জেরার দরকার নেই’, ১৬ মামলাতেই অভিষেককে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
আইনি লড়াইয়ে ফের বড় সাফল্য পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট থেকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্ট থেকেও বড় স্বস্তি মিলল তাঁর। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে দায়ের করা মোট ১৬টি মামলার প্রতিটিতেই অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছে আদালত।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ৩১ অগাস্ট পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনওরকম কঠোর বা জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।
কড়া পর্যবেক্ষণ আদালতের:
মামলার শুনানির সময় বিচারপতি মৌখিকভাবে জানান:
“অভিযোগগুলোর যা ধরন, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন রয়েছে বলে আদালত মনে করে না। তদন্তকারী সংস্থা তদন্ত চালিয়ে যাক এবং রিপোর্ট পেশ করুক। তবে তদন্তে অভিষেককেও সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।”
পিছনের কথা:
উল্লেখ্য, অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআরের মধ্যে ১৩টিতে তিনি আগেই রক্ষাকবচ পেয়েছিলেন। বাকি ৩টি মামলার ক্ষেত্রে সুরক্ষার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবীরা। দীর্ঘ শুনানি শেষে আদালত আপাতত রায়দান স্থগিত রেখে ৩১ অগাস্ট পর্যন্ত অভিষেককে সুরক্ষাকবচ দিয়েছে। আগামী ২৫ অগাস্ট এই মামলার চূড়ান্ত রায় দেওয়া হতে পারে।
পরপর দু’দিনে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের এই জোড়া রায়ে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে তৃণমূল শিবির।
