অবশেষে বড় নির্দেশ! বাংলার ভোটার তালিকা বিতর্ক নিয়ে নির্বাচন কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের! – এবেলা

এবেলা ডেস্কঃ
অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা এবং কাজের গতিপ্রকৃতি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য তলব করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানিতে আদালত জানতে চায়, ট্রাইব্যুনালে ঠিক কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে এবং এই কাজ সম্পন্ন করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারিত আছে কিনা। বিগত দিনে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর দাবি, বর্তমান গতিতে কাজ চললে সমস্ত আবেদন নিষ্পত্তি হতে চার থেকে পাঁচ বছর সময় লেগে যাবে। এই পরিস্থিতিতে মামলার দ্রুত নিষ্পত্তি এবং ব্লকভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে।
শুনানি চলাকালীন আবেদনকারীদের রেশন ও অন্যান্য সামাজিক পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠলেও সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে, এই বিষয়টির পরিধি বাড়িয়ে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ায় মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট ভোটার বাদ যাওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক ভোটারের নাম ট্রাইব্যুনালে ঝুলে থাকায় জনমানসে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই ট্রাইব্যুনালের বিচারপতির পদত্যাগ ঘিরেও নানা মহলে শোরগোল শুরু হয়েছে। আগামী ২৫ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে, যেখানে নির্বাচন কমিশনের রিপোর্টের ওপর নজর থাকবে সব মহলের।
