দেশজুড়ে কি এবার একই পোশাক পরবে পুলিশ? চূড়ান্ত পর্যায়ে ‘ওয়ান নেশন, ওয়ান পুলিশ ইউনিফর্ম’ প্রকল্প! – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশজুড়ে বহুলচর্চিত ‘ওয়ান নেশন, ওয়ান পুলিশ ইউনিফর্ম’ উদ্যোগের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর ইউনিফর্মের মান, নকশা এবং আনুষঙ্গিক সামগ্রীর নির্দিষ্ট নির্দেশিকা তৈরির প্রক্রিয়া প্রায় শেষের পথে। খুব শীঘ্রই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে পেশ করা হবে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে। ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিপিআরএডি এই অভিন্ন কাঠামো চূড়ান্ত করার মূল দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, ২০২২ সালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের এক চিন্তন শিবিরে প্রথম ‘এক দেশ, এক উর্দি’ চালুর প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে পুলিশের পোশাকের রঙ ও ব্যাজে নানা পার্থক্য দেখা যায়। এই বৈচিত্র্য দূর করে সারা দেশে পুলিশের জন্য একটি অভিন্ন পরিচয় গড়ে তোলা এবং সীমান্তবর্তী অঞ্চলে অপরাধমূলক প্রবণতা কার্যকরভাবে দমন করার উদ্দেশ্যেই কেন্দ্র এই মেগা প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে।
