ট্রাম্পের দেশে প্রবেশে বাধা, উয়েফা কাপে বিশ্বমঞ্চের ইতিহাস গড়লেন সোমালি রেফারি! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে রেফারিং করার স্বপ্ন ছিল সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আর্তানের। সোমালিয়ার ইতিহাসে প্রথম রেফারি হিসেবে ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনের বিরল সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতি ও প্রশাসনের গোঁয়ার্তুমির কারণে সেই স্বপ্ন অধরাই থেকে যায়।
সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা যায়, বৈধ মার্কিন ভিসা এবং সোমালিয়ার কূটনৈতিক পাসপোর্ট থাকা সত্ত্বেও মায়ামি বিমানবন্দরে নামার পর ওমরকে চরম হেনস্তার মুখে পড়তে হয়। প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে বন্দিদের কক্ষে আটকে রাখা হয় এবং কোনো স্পষ্ট কারণ ছাড়াই ইস্তানবুলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
তবে এই অপমানের পর দেশে ফিরতেই বীরের সম্মান পান আর্তান। বিমান বন্দরে ফুটবল ফেডারেশনের কর্মকর্তা থেকে শুরু করে হাজারো সমর্থক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অবশেষে সেই আক্ষেপ মিছতে চলেছে আর্তানের। ফিফা ও উয়েফার অভ্যন্তরীণ বিরোধের আবহেই সোমালিয়ার এই রেফারির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উয়েফা। ফিফার অন্যায়ের জবাব দিতে এবং আর্তানের যোগ্যতাকে সম্মান জানাতে তাঁকে ঐতিহাসিক উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম অ-ইউরোপীয় রেফারি হিসেবে ইতিহাস গড়ে বুধবার প্যারিস সাঁ জাঁ (PSG) বনাম অ্যাস্টন ভিলার মহারণে ম্যাচ রেফারির ভূমিকায় দেখা যাবে সোমালিয়ার ওমর আবদুলকাদির আর্তানকে।
