টুলুর ‘সাম্রাজ্যে’ হানাদারি: মাটি খুঁড়ে তল্লাশি, ১০ ঘণ্টার অপারেশনে জালে মামাতো ভাই! – এবেলা

টুলুর ‘সাম্রাজ্যে’ হানাদারি: মাটি খুঁড়ে তল্লাশি, ১০ ঘণ্টার অপারেশনে জালে মামাতো ভাই! – এবেলা

এবেলা ডেস্কঃ

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের হদিস এখনও না মিললেও, তাঁর কথিত ‘বেআইনি সাম্রাজ্য’ গুটিয়ে ফেলতে মরিয়া পুলিশ। টুলুর সম্পত্তির শিকড় খুঁজতে এবার আত্মীয় ও ঘনিষ্ঠদের ওপর কড়া নজরদারি শুরু করেছেন তদন্তকারীরা। বীরভূমের গণ্ডি ছাড়িয়ে তল্লাশি চলছে রাজ্যের একাধিক প্রান্তে।

সেই সূত্রে সোমবার সকাল ৯টা নাগাদ পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়া (কাঁটাটিকুরি গ্রাম)-য় টুলুর মামাশ্বশুর মোজাম্মেল হকের বাড়িতে চড়াও হয় পুলিশ। প্রায় ১০ ঘণ্টার ম্যারাথন অভিযানের পর গ্রেফতার করা হয় মোজাম্মেলের ছেলে মুর্শিদ কামাল ওরফে রিপন মণ্ডলকে

কী পাওয়া গেল তল্লাশিতে? পুলিশ সূত্রে খবর, একসময় টুলুর পাথর খাদানে ‘ডিসিআর’ কাটার কাজ করতেন রিপন। তদন্তকারীরা খতিয়ে দেখছেন সেখানে কোনো ভুয়ো বা জাল ডিসিআর ব্যবহার করা হয়েছিল কিনা। দীর্ঘ তল্লাশির পর রিপনের কাছ থেকে একটি বিশেষ ডায়েরি (‘মণ্ডলের ডায়েরি’), ল্যাপটপ এবং প্রিন্টার উদ্ধার করা হয়েছে। অনুমান, এই ডায়েরিতেই লুকিয়ে রয়েছে পাথর খাদান ও কোটি কোটি টাকার লেনদেনের আসল রহস্য।

অভিযানের চিত্র: বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার (সদর), বোলপুরের এসডিপিও এবং মহম্মদবাজার ও শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী এই অভিযানে অংশ নেয়। ঘরের আলমারি, ট্রাঙ্ক, স্যুটকেস তো বটেই— গোয়ালঘর থেকে শুরু করে উঠোনের মাটি খুঁড়েও চলে তল্লাশি। সুরক্ষার খাতিরে ডেকে পাঠানো হয় বম্ব স্কোয়াড-কেও।

এরপর মোজাম্মেলের তুতো ভাই কাজল মণ্ডলের বাড়িতেও হানা দেয় দল। চাবি না পাওয়ায় গাড়ির কাচ ভেঙে চষে ফেলা হয় ভেতরের প্রতিটি কোণা।

উল্লেখ্য, কিছুদিন আগেই মহম্মদবাজারের ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করেছিল পুলিশ। তারপর থেকেই টুলু মণ্ডলের লুকিয়ে রাখা সম্পত্তির খোঁজে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *