দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের কালো মেঘ! আজ কোন কোন জেলায় নামবে মুষলধারে বৃষ্টি? – এবেলা

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, যার জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সময় ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
প্রতিকূল আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকতে পারে, যেখানে ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরবাসীর সুরক্ষায় এবং দুর্যোগ মোকাবিলায় সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
