পাইলটের মাদক সেবনের চাঞ্চল্যকর কাণ্ড! এয়ার ইন্ডিয়ার সব পাইলটের জন্য বাধ্যতামূলক হলো ডোপ টেস্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ
ফুকেত থেকে দিল্লিগামী বিমানে পাইলটের মাদক সেবনের চাঞ্চল্যকর বিতর্কের জেরে শেষ পর্যন্ত বড় পদক্ষেপ করল এয়ার ইন্ডিয়া। সংস্থার অধীনে থাকা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্ত পাইলটের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই গুরুগ্রামের এয়ার ইন্ডিয়া অ্যাকাডেমি এবং বিভিন্ন ফ্লাইট ব্রিফিং সেন্টারে এই পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। ডিজিসিএর নির্ধারিত নিয়ম ছাড়াও যাত্রীদের আস্থা বজায় রাখতে এবং উড়ান নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেই এই কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ফুকেত থেকে দিল্লিগামী AI-2379 উড়ান ওড়িশার আকাশে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ায় অন্তত ২০ জন যাত্রী ও চার ক্রু সদস্য আহত হন। ঘটনার তদন্তে কমান্ডিং পাইলট সুদীপ বশিষ্ঠের ডোপ টেস্টে দু’বার মারিজুয়ানা বা গাঁজার উপস্থিতি ধরা পড়ে। উচ্চতা কমে যাওয়ার সময় তিনি ককপিটে নিজের আসনেও ছিলেন না। এই ঘটনার পর থেকেই দেশজুড়ে বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, যার পরিপ্রেক্ষিতে এবার সমস্ত পাইলটের জন্য এই অতিরিক্ত পরীক্ষার ব্যবস্থা করল কর্তৃপক্ষ।
