আরজি করের স্মৃতি ফেরাল এনআরএস! শৌচালয়ে তরুণী নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার মরণঘাতী ড্রাগের ভায়াল – এবেলা

এবেলা ডেস্কঃ
আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ঘটল এক তরুণী নার্সের মর্মান্তিক রহস্যমৃত্যু। বুধবার রাতে হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের শৌচালয় থেকে রূপালী বর্মন নামে এক গ্রেড-টু স্টাফ নার্সের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে উদ্ধার হওয়া দেহের পাশেই পড়েছিল ইনজেকশনের সিরিঞ্জ এবং রোগী অচেতন করার অত্যন্ত কড়া ওষুধ ফেন্টানিলের তিনটি ভায়াল। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট মেলেনি। কর্তব্যরত অবস্থায় একজন নার্স কীভাবে বিভাগ থেকে এসব ওষুধ নিয়ে শৌচালয়ে গেলেন এবং তা কারও নজরে এল না, তা নিয়ে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা ঘিরে গভীর প্রশ্ন উঠছে।
প্রাথমিক ময়নাতদন্তের ইঙ্গিত, অতিরিক্ত মাত্রায় ওষুধ শরীরে প্রবেশ করার ফলেই সম্ভবত তাঁর মৃত্যু হয়েছে। রহস্য উন্মোচনে মৃতার মোবাইল কল লিস্ট খতিয়ে দেখার পাশাপাশি কর্তব্যরত সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই অকাল ও সন্দেহজনক ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে নার্সেস ইউনিটি। অন্যদিকে, পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্তকারী এই বিশেষ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তাদের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
