সুড়ঙ্গের ভেতরে ভয়াবহ ধস: মুহূর্তেই নেমে এলো অন্ধকার, উত্তরাখণ্ডে ৭ শ্রমিকের করুণ পরিণতি! – এবেলা

সুড়ঙ্গের ভেতরে ভয়াবহ ধস: মুহূর্তেই নেমে এলো অন্ধকার, উত্তরাখণ্ডে ৭ শ্রমিকের করুণ পরিণতি! – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটি এলাকায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশনের (THDC) একটি নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আচমকা ধসের জেরে সৃষ্টি হয়েছে চরম বিপর্যয়। নির্মাণকাজ চলাকালীন সুড়ঙ্গের ভেতর হঠাৎ বিপুল পরিমাণ জল ও কাদা ঢুকে পড়ায় সেখানে কর্মরত হিন্দুস্তান কনস্ট্রাকশন কো ম্পা নির (HCC) ২২ জন শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এসডিআরএফ (SDRF) এবং সিআইএসএফ (CISF)। পরবর্তীতে সেনা, এনডিআরএফ (NDRF) ও আইটিবিপি (ITBP)-র যৌথ দল উদ্ধার অভিযানে যোগ দেয়। যৌথ প্রচেষ্টায় সুড়ঙ্গ থেকে মোট ২০ জন শ্রমিককে বের করে আনা সম্ভব হলেও চিকিৎসকরা তাঁদের মধ্যে ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ১৩ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে সুড়ঙ্গের ভেতর আটকে থাকা অবশিষ্ট ২ জন শ্রমিকের সন্ধানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। চামোলির জেলা শাসক গৌরব কুমার দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে সরাসরি পুরো উদ্ধার অভিযান তদারকি করছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার সুমন জানান, রাজ্য জরুরি অপারেশন সেন্টার থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনবোধে বাড়তি উদ্ধারকারী দল মোতায়েন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *