বিশ্বভারতীতে শিক্ষক নিয়োগে স্বজনপোষণের মারাত্মক অভিযোগ! ক্যাম্পাসে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’র পোস্টার – এবেলা

বিশ্বভারতীতে শিক্ষক নিয়োগে স্বজনপোষণের মারাত্মক অভিযোগ! ক্যাম্পাসে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’র পোস্টার – এবেলা

এবেলা ডেস্কঃ

বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবন ও সঙ্গীত ভবনের অধ্যাপক পদে নিয়োগ নিয়ে তৈরি হলো তীব্র বিতর্ক। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশ্রম এলাকার বিভিন্ন দেয়ালে “ককরোচ জনতা পার্টি” (CJP)-র নামে একাধিক চাঞ্চল্যকর পোস্টার দেখা যায়। পোস্টারগুলিতে নিয়োগ প্রক্রিয়ায় চরম স্বজনপোষণ ও নিয়মের তোয়াক্কা না করার গুরুতর অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

কী কী অভিযোগ উঠেছে পোস্টারে?

১. বিনয় ভবনের নিয়োগ বিতর্ক: পোস্টারে দাবি করা হয়েছে, বিনয় ভবনের এডুকেশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব এডুকেশন (মিউজিক)’ পদে সদ্য নিয়োগ পাওয়া অমৃতা সরখেলের প্রয়োজনীয় বি.এড (B.Ed) বা এম.এড (M.Ed) ডিগ্রি নেই। নিয়ম অনুযায়ী এডুকেশন বিভাগে পেডাগজি পড়ানোর জন্য এই ডিগ্রি বাধ্যতামূলক। কর্তৃপক্ষের তরফে ‘পারফর্মিং আর্টস’-এর দোহাই দেওয়া হলেও, পোস্টারে প্রশ্ন তোলা হয়েছে— পদটি যদি এডুকেশন বিভাগের হয়, তবে পারফর্মিং আর্টসের শিথিল নিয়ম কীভাবে প্রযোজ্য হতে পারে? পাশাপাশি এনসিটিই (NCTE)-র নিয়মাবলি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অভিযোগ করা হয়েছে, সদ্য নিযুক্ত অধ্যাপকের বাবা সঙ্গীত ভবনের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন, যার প্রভাবেই এই স্বজনপোষণ।

২. সঙ্গীত ভবনের ওবিসি বিতর্ক: সঙ্গীত ভবনে সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ তালিকায় স্থান পেয়েছেন ওই ভবনেরই অধ্যাপক প্রশান্ত ঘোষের ছেলে প্রলিপ্ত ঘোষ (ওবিসি প্রার্থী হিসেবে)। পোস্টারে দাবি করা হয়েছে, পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে কেউ ‘ওবিসি নন-ক্রিমিলিয়ার’ সুবিধার যোগ্য থাকেন না। কেবল “বাবার সঙ্গে থাকেন না”— এই অজুহাতে তিনি ওবিসি সুবিধা পেতে পারেন কি না, এবং অধ্যাপক প্রশান্ত ঘোষের সার্ভিস বুকে তাঁর স্বাক্ষর রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের বক্তব্য:

  • বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ: বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ স্পষ্ট জানান, এসব নামহীন ও বেনামী পোস্টার নিয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করবে না। তবে নিয়োগ সংক্রান্ত বিতর্কে বিশ্ববিদ্যালয়ের দাবি, সরকার অনুমোদিত সমস্ত নিয়মকানুন ও নথি যথাযথভাবে খতিয়ে দেখেই নিয়োগ এবং যোগ্যদের তালিকা তৈরি করা হয়েছে।
  • ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন: বিশ্বভারতী ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের মতে, সম্প্রতি ডেপুটি রেজিস্ট্রার সহ একাধিক নিয়োগ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষায় কর্তৃপক্ষের উচিত এই সমস্ত অভিযোগের যথাযথ জবাব দেওয়া এবং প্রয়োজনে নিরপেক্ষ তদন্তের পথ উন্মুক্ত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *