সমাবর্তনে প্রধান বিচারপতির বিরোধিতা! বড় পদক্ষেপ বার কাউন্সিলের, আটকে গেল পড়ুয়াদের ভবিষ্যৎ? – এবেলা

এবেলা ডেস্কঃ
হায়দরাবাদের ‘ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ (NALSAR)-এর সমাবর্তন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণের চরম বিরোধিতা করেন শিক্ষার্থীদের একাংশ। পড়ুয়াদের এই প্রতিবাদের জেরে এবার কঠোর সিদ্ধান্ত নিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI)। সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় বিসিআই স্পষ্ট জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের কোনো স্নাতককেই দেশের কোনো রাজ্যের বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত বা তালিকাভুক্ত করা যাবে না।
সর্বভারতীয় বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য আইনজীবী ভিপি শর্মা জানান, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখতেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানের জলঘোলা নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ইতিমধ্যেই একটি রিপোর্ট চেয়েছে বিসিআই। তবে তদন্তে কোনো নিয়মভঙ্গ বা বিশৃঙ্খলার প্রমাণ পাওয়া না গেলে, স্নাতক শিক্ষার্থীদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির স্বাভাবিক প্রক্রিয়া পুনরায় চালু করা হবে বলে বিসিআই-এর তরফে আশ্বস্ত করা হয়েছে।
