পপস্টারদেরও টেক্কা! ফাল্গুনী পাঠকের গরবার টিকিট বিকোচ্ছে ২ লাখে, দাম শুনে চোখ কপালে আমজনতার – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়ের দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাল্গুনী পাঠকের গরবা কনসার্টের টিকিটের দাম শুনে হতবাক নেটিজেনরা। আন্তর্জাতিক পপস্টারদের পারফরম্যান্সকেও টেক্কা দিয়ে মুম্বইয়ের নবরাত্রি স্পেশাল এই ইভেন্টের সিজন পাস ও টিকিটের মূল্য পৌঁছেছে আকাশছোঁয়ায়। আগামী ১১ থেকে ১৯ অক্টোবর মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত ৯ দিনের এই অনুষ্ঠানের একক রাতের টিকিটের দাম শুরু হচ্ছে ২,২০০ টাকা থেকে। অন্যদিকে, পুরো ৯ দিনের সিজন পাসের দাম হাঁকা হয়েছে ১৬ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত।
তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে ২.০৮ লাখ টাকার বিশেষ ‘পড’ প্যাকেজটি। এই টিকিটে একসঙ্গে ১২ জন যোগ দিতে পারবেন এবং সঙ্গে মিলবে ১০ হাজার টাকার খাবারের কুপন। বিলাসবহুল ভেন্যু নির্বাচনের কারণে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই উৎসব উপভোগ করা আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগীরা। আকাশছোঁয়া দাম নিয়ে সমাজমাধ্যমে বিতর্ক শুরু হলেও, নস্টালজিক এই তারকার গানের আবেদন যে এখনও অমলিন, তা টিকিট ঘিরে তৈরি হওয়া উন্মাদনাই প্রমাণ করে।
