২০২৭-এর বদলে ২০৩৪? জানুন কোথায় এবং কবে চালু হচ্ছে সম্পূর্ণ এসি বন্দে মেট্রো লোকাল! – এবেলা

এবেলা ডেস্কঃ
মুম্বইয়ের ট্রাফিক ও ভিড়ের জট সামলাতে অবশেষে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। বন্দে ভারত ও বন্দে ভারত স্লিপারের সাফল্যের পর এবার বাণিজ্য নগরীতে আত্মপ্রকাশ করতে চলেছে ‘বন্দে মেট্রো লোকাল’। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই নতুন এসি লোকাল ট্রেনগুলির কোচ সম্পূর্ণ ভারতেই নির্মিত হবে। মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশনের (MRVC) তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্রের জটিলতা এড়াতে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি এবং রায়বরেলির মডার্ন কোচ ফ্যাক্টরিতে ২৩৮টি এসি রেক তৈরি করা হবে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বিদেশে এই ট্রেন তৈরি হলে হাতে পেতে দেরি হতো, তাই দেশের কারখানাতেই এগুলি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমআরভিসি-র চেয়ারম্যান বিলাস ওয়াদেকর জানান, আনুমানিক ১৯ হাজার ২৯৩ কোটি টাকা ব্যয়ে ১২ কোচের প্রথম এসি লোকাল ট্রেনটি ২০২৭ সালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। প্রকল্পটির সম্পূর্ণ কাজ শেষ হতে ২০৩০ সাল পর্যন্ত সময় লাগবে। ভারতের মাটিতে তৈরি প্রথম রেকটি ২০৩০ সালের মধ্যে ট্র্যাকে নামবে এবং ২০৩৪ সালের মধ্যে ২৩৮টি এসি লোকাল রিকের সবকটিই যাত্রীদের পরিষেবায় পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে।
