‘অরবিন্দের যোগচর্চা ফিরিয়েছেন মোদি’, জন্মদিনে ঋষি অরবিন্দর বাড়িতে শুভেন্দু—কী বার্তা? – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের দিনই মহান স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দের জন্মবার্ষিকী উপলক্ষে শেক্সপিয়র সরণিতে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ঋষি অরবিন্দের মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি তাঁর বাসভবনটিকে হেরিটেজ ভবন হিসেবে রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ জোর দেন তিনি। একইসঙ্গে, স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করা অরবিন্দের সেই ঐতিহাসিক যোগচর্চার ঐতিহ্য দেশজুড়ে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
এই কর্মসূচির মঞ্চ থেকেই পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে আজকের বিশেষ দিনে এই ঐতিহাসিক ভবনে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ পা রাখেননি, যা অত্যন্ত দৃষ্টিকটু। বর্তমান সরকার জাতীয়তাবাদী মনীষীদের উপযুক্ত সম্মান দিতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি অরবিন্দের জীবনচর্চা নিয়ে আরও বেশি প্রচারের আহ্বান জানান। পরিশেষে, এই হেরিটেজ ভবনটির ট্রাস্টিদের সমাদর ও উপহারের জন্য তিনি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
