পোষ্য চিকিৎসালয়ের বাইরে অঝোরে কাঁদছে আমিরের ছেলে আজাদ, আসল ঘটনাটা কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
মুম্বইয়ের একটি পোষ্য চিকিৎসাকেন্দ্রের বাইরে সম্প্রতি বলিউড তারকা আমির খান, তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ১৪ বছর বয়সী ছেলে আজাদ রাও খানকে দেখা গেছে। নেটপাড়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, চিকিৎসালয় থেকে বের হওয়ার সময় আজাদ মানসিকভাবে ভেঙে পড়ে অঝোরে কাঁদছে এবং আমিরের হাতে ছিল একটি পেট ক্যারিয়ার। এই দৃশ্য দেখে অনেকেই আশঙ্কা করছেন যে তাঁদের প্রিয় পোষ্য হয়তো গুরুতর অসুস্থ বা মারা গেছে। যদিও আমির বা কিরণ—কেউই এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, ফলে আসল কারণ নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।
অন্যদিতে এই বিষাদময় মুহূর্ত নিয়েও নেটদুনিয়ার একাংশ কটাক্ষ করতে ছাড়েনি। সাম্প্রতিক জল্পনা ও গুঞ্জনের সূত্র ধরে অনেকেই কুরুচিকর মন্তব্য করে দাবি করছেন যে পরিবারের ব্যক্তিগত সমীকরণ কিংবা পারিবারিক অসন্তোষের কারণেই নাকি আজাদের এই কান্নাকাটি। তবে সম্পূর্ণ বিষয়টিই আপাতত নেটিজেনদের অনুমান ও জল্পনার স্তরে আটকে রয়েছে। কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিকে কেন্দ্র করে তীব্র আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
