নগদ লাখ টাকা, সোনার গহনা ও নথির পাহাড়: ফের পুলিশের জালে অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল! – এবেলা

এবেলা ডেস্কঃ
বীরভূমে ফের বিপুল ধনসম্পত্তির খোঁজ মিলল। এবার পুলিশের জালে ধরা পড়লেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। বোলপুরে বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে নগদ ১৩ লক্ষ টাকা, ৭৫০ গ্রামের বেশি সোনার গয়না এবং ৩০০-রও বেশি জমির দলিল উদ্ধারের পর শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, টুলু মণ্ডল-কাণ্ডের তদন্তে শনিবার সকাল থেকেই সায়গলের ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু হয়। টানা ২২ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। সায়গলের ফ্ল্যাটটি টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের আবাসনে অবস্থিত। এই অভিযানে মিঠু শেখের ফ্ল্যাট ও বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
উদ্ধার হওয়া ১০০-র বেশি জমির দলিলের মধ্যে সায়গল ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা নথির পাশাপাশি একাধিক বেনামী কাগজপত্রও রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, প্রভাব ও ক্ষমতা কাজে লাগিয়ে সায়গল টুলু মণ্ডলকে বেআইনি কাজে সাহায্য করেছিলেন। সেই সূত্রে তাঁর আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গরু পাচার ও বেআইনি আর্থিক লেনদেনের মামলায় সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয়ে প্রায় আড়াই বছর জেল খাটেন সায়গল। সম্প্রতি মুক্তি পেলেও নতুন করে অবৈধ সম্পত্তির হদিস মেলায় ফের গ্রেপ্তার হলেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তে আরও বড় রহস্য উদ্ঘাটন হতে পারে বলে মনে করছে পুলিশ।
