‘এটাই হয়তো শেষ মরশুম’, অবসরের ইঙ্গিত দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন সিআরসেভেন – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বকাপে না খেলার কথা আগেই জানিয়েছিলেন, এ বার পাকাপাকি ভাবে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর স্পষ্ট ইঙ্গিত দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ভোগ (Vogue) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সি পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, সম্ভবত এটিই তাঁর জীবনের শেষ মরশুম। তবে মাঠ ছাড়ার আগে নিজের সামনে বেঁধে নিয়েছেন এক অনন্য টার্গেট—পেশাদার ফুটবলে ১,০০০ গোলের রেকর্ড।
২৫ বছরের দীর্ঘ ও বর্ণময় কেরিয়ারে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের বর্তমান গোলসংখ্যা ৯৭৬। আর মাত্র ২৪টি গোল করলেই তিনি পৌঁছাবেন এই ঐতিহাসিক মাইলফলকে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসেরের হয়ে খেলছেন রোনালদো। জীবনের এই শেষ পর্যায়ে এসেও তাঁর জয়ের ক্ষুধা ও শারীরিক ফিটনেস অটুট।
সম্প্রতি বান্ধবী জর্জিনা রদ্রিগেজ়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রোনালদো মাঠের বাইরের জীবন নিয়েও পরিকল্পনা সেরে রেখেছেন। তিনি জানান, দীর্ঘ ২৫ বছর কড়া শাসনের মধ্যে কাটানোর পর এ বার অর্জিত সাফল্য উপভোগ করতে চান। অবসরের পর ঘুরে বেড়ানো এবং প্যাডেল টেনিস খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে অজস্র রেকর্ড গড়েছেন রোনালদো। ২০১৬ ইউরো কাপ জয়সহ জাতীয় দলকে এনে দিয়েছেন বড় সাফল্য। ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই নায়ক নিজের অধ্যায় শেষ করতে চলেছেন এক চিরস্মরণীয় ছাপ রেখে।
