পুরুলিয়ায় ৪ হাজার কোটি টাকার শিল্প ও মেগা জল প্রকল্প, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী – এবেলা
August 17, 2026
এবেলা ডেস্কঃ
রাজ্যের শিল্প ও পরিকাঠামো মানচিত্রে যুক্ত হতে চলেছে এক নতুন মাইলফলক। আজ, সোমবার পুরুলিয়ার রঘুনাথপুরের দুরমুটে ‘অমিত মেটালিকস’-এর গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্টের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। একই দিনে তিনি মানবাজার ১ ব্লকের একটি পৃথক অনুষ্ঠান থেকে জাইকা (JICA)-র আর্থিক সহায়তায় নির্মিত পানীয় জল সরবরাহ প্রকল্পেরও উদ্বোধন করবেন।
ইস্পাত প্রকল্প সংক্রান্ত তথ্য:
- বিনিয়োগ: ৪,০০০ কোটি টাকা।
- জমির পরিমাণ ও ক্ষমতা: ১৫১ একর জমির উপর ক্যাপটিভ পাওয়ার প্লান্ট, ফেরো অ্যালয় এবং স্পঞ্জ আয়রন কারখানা নিয়ে গড়ে উঠবে এই প্রকল্প। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ১.২ মিলিয়ন টন।
- কর্মসংস্থান ও সময়সীমা: আগামী ১,০০০ দিনের মধ্যে এই কারখানা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় ৫,০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
- উপস্থিতি: ভূমিপূজো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রীসহ একাধিক রাজ্য মন্ত্রী ও স্থানীয় সাংসদ উপস্থিত থাকবেন।
পানীয় জল প্রকল্প সংক্রান্ত তথ্য:
- অর্থায়ন ও ব্যয়: জাপানের ‘জাইকা’ (JICA)-র ঋণ ও রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের যৌথ উদ্যোগে ১,২৯৬.২৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প রূপায়িত হয়েছে।
- উপকারভোগী: পুরুলিয়া শহরসহ মানবাজার ১, বরাবাজার, পুরুলিয়া ১, পুঞ্চা ও আড়শা ব্লকের ৪৫৮টি মৌজার ৮ লক্ষ ১৩ হাজারেরও বেশি মানুষ এই পরিষেবা পাবেন।
- পরিকাঠামো: মুকুটমণিপুর জলাধার থেকে জল এনে পরিশোধন করার পর ১,৫৯৪ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে ৪২টি ওভারহেড ট্যাঙ্কের মাধ্যমে দৈনিক ৬ কোটি ৮০ লক্ষ লিটার পরিস্রুত জল সরবরাহ করা হবে।
উদ্বোধনের পাশাপাশি মানবাজার ১ ব্লকের মাধবপুর ফুটবল মাঠে একটি প্রশাসনিক সভাও অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তা ও জাইকা-র প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
