হোয়াটসঅ্যাপেই ওপারে অস্ত্র সরবরাহ! বনগাঁয় চার অস্ত্র কারবারি গ্রেপ্তার হতেই চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অস্ত্র কারবারের চাঞ্চল্যকর তথ্য সামনে এল। বনগাঁ থানার পুলিশের জালে ধরা পড়েছে চার কুখ্যাত অস্ত্র পাচারকারী। পেট্রাপোল বন্দর এলাকা থেকে জীবন কর ও জামাল মন্ডলকে হাতেনাতে গ্রেপ্তারের পরই এই চক্রের মূল রহস্য ভেদ হয়। এর আগে শহিদুল মণ্ডল ও অনুপ খান নামে দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই জীবন ও জামালের নাম জানতে পারেন তদন্তকারীরা। আন্তর্জাতিক সীমান্তে এমন অস্ত্র চক্রের হদিশ মেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ভারত ও বাংলাদেশের মধ্যে এই অস্ত্র ব্যবসা সম্পূর্ণ পরিচালিত হতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পেট্রাপোল বন্দরে বসে বাংলাদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রেখে অস্ত্রের ছবি সীমান্তের ওপারে পাঠানো হতো। ডিল পাকা হলে চোরাপথে আসত টাকা এবং একইভাবে অস্ত্র পৌঁছে যেত ওপারে। সাধারণ মানুষের হাত ধরে এই লেনদেন চলত। বর্তমানে ধৃত চারজনকে দফায় দফায় জেরা করে এই আন্তর্জাতিক চক্রের গভীরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।
