কলকাতায় জাঁকিয়ে বসলো গভীর নিম্নচাপ, লাল সতর্কতায় কাঁপছে দক্ষিণবঙ্গ – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে কলকাতার অত্যন্ত নিকটে অবস্থান করায় শহরসহ সমগ্র দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে প্রাকৃতিক বিপর্যয়ের তীব্র আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়াসহ একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সমুদ্র অত্যন্ত উত্তাল থাকায় এবং ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং দমকা হাওয়াসহ কয়েক দফায় ভারী বৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার থেকে আবহাওয়ার উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে।
