রান্নার গ্যাসের জোগান বাড়াতে বড় পদক্ষেপ কেন্দ্রের! ২৪ সংস্থাকে নিয়ে কড়া নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের রান্নার গ্যাসের জোগান স্থিতিশীল রাখতে এবং সম্ভাব্য সরবরাহ সংকট এড়াতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। গত ১৩ অগস্ট জারি হওয়া নতুন নির্দেশিকায় দেশের ২৪টি তেল শোধনাগার ও উৎপাদনকারী সংস্থার জন্য এলপিজি উৎপাদনের সর্বোচ্চ মাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি রাষ্ট্রায়ত্ত, তিনটি বেসরকারি এবং তিনটি আপস্ট্রিম কো ম্পা নি অন্তর্ভুক্ত রয়েছে। সব সংস্থা মিলিয়ে দৈনিক প্রায় ৬৩,৮১০ টন গ্যাস উৎপাদন করা সম্ভব হবে, যা দেশের অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৭০ শতাংশ পূরণ করতে সক্ষম। পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সংকটের কথা মাথায় রেখে আমদানির ওপর নির্ভরতা কমাতে এই স্থায়ী সুরক্ষা কাঠামো তৈরি করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, শোধনাগারগুলিকে এলপিজি মজুত, নিষ্কাশন ও পরিবহনের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে। সবচেয়ে বড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জামনগর শোধনাগারের জন্য। প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই উৎপাদনের এই তালিকা পর্যালোচনা করবে কেন্দ্র। নির্দেশ অমান্য করলে অত্যাবশ্যকীয় পণ্য আইন, ১৯৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
