ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা পাচার রুখতে এবার কঠোর নিয়ম, গঠন হলো বিশেষ কমিটি! – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা বেআইনিভাবে পাচারের অভিযোগ কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই অনৈতিক চক্রের দৌরাত্ম্য রুখতে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ওপর নজরদারি জোরালো করতে এবং তাদের কড়া নিয়মের আওতায় আনতে খুব শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের নিজস্ব মানক পরিচালন পদ্ধতি বা এসওপি। স্বাস্থ্য ভবনের নির্দেশে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এই গাইডলাইন তৈরির কাজ ইতিমধ্যে শুরু করেছে।
রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকানুন নিশ্চিত করতে গঠন করা হয়েছে সাত সদস্যের একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি। এই কমিটিতে হেমাটোলজি বিশেষজ্ঞ ছাড়াও ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিক এবং বেসরকারি ব্লাড ব্যাংকের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। প্রশাসনের আশা, এই কঠোর নির্দেশিকা কার্যকর হলে ব্লাড ব্যাংকগুলোর কার্যপদ্ধতিতে যেমন স্বচ্ছতা ফিরবে, তেমনই রক্ত ও প্লাজমা পাচারের মতো বেআইনি কারবার সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে। এদিকে পুরো ঘটনাটি নিয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকেও জবাবদিহি চাওয়া হয়েছে।
