শান্ত স্বভাবের ছাত্র কীভাবে জড়াল জঙ্গি জালে? স্তব্ধ পরিবার! – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নোয়াপাড়ার বাসিন্দা আশরাফুল মল্লিককে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইনে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা এবং আফগানিস্তান যাওয়ার প্রস্তুতির গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছেলের এই গ্রেপ্তারির খবর সামনে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন মা হাফিজা বিবি। পরিবারের দাবি, আশরাফুল অত্যন্ত শান্ত প্রকৃতির ও মেধাবী ছাত্র ছিল। সরকারি চাকরির প্রস্তুতির পাশাপাশি সংসার চালাতে বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ নিয়েছিল সে।
তদন্তকারীদের দাবি, অনলাইনের মাধ্যমে প্রভাবিত হয়ে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত হয় আশরাফুল। তার ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসার প্রমাণও মিলেছে। এদিকে প্রতিবেশীরা এই খবরকে বিশ্বাস করতেই পারছেন না। তাঁদের মতে, পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে তার ঝোঁক ছিল না। চাকরি না পাওয়ার হতাশা থেকেই সে বিপথগামী হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাদুড়িয়ায় তরুণ প্রজন্মের এমন জঙ্গি-যোগের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা মহলে।
