বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট: শোকজ় ছাড়াই ২৪ ঘণ্টার মধ্যে বরখাস্ত কলেজ শিক্ষিকা, চাঞ্চল্য – এবেলা

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট: শোকজ় ছাড়াই ২৪ ঘণ্টার মধ্যে বরখাস্ত কলেজ শিক্ষিকা, চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়ে পোস্ট করার অপরাধে চাকরি হারাতে হলো রাজশাহীর চারঘাটের নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতির লেকচারার সোহেলী আক্তারকে। কোনো ধরনের কারণ দর্শানোর (শোকজ়) নোটিশ ছাড়াই তড়িঘড়ি করে তাঁকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ পরিচালনা পর্ষদ।

ঘটনার পেছনের কথা:

১৫ আগস্ট সোহেলী আক্তার তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে বঙ্গবন্ধুর ছবির সঙ্গে লেখা ছিল—‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি’ এবং ক্যাপশনে লেখা ছিল ‘বিনম্র শ্রদ্ধা’

পোস্টটি নজরে আসতেই ওই অঞ্চলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। সোমবার (১৭ আগস্ট) সকালে নন্দনগাছী কলেজ ছাত্রদলের ব্যানারে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান সাহেদ। তাঁরা অভিযোগ করেন, উক্ত শিক্ষিকা কলেজে রাজনৈতিক আদর্শ প্রচারের চেষ্টা করছিলেন। শিক্ষিকাকে স্থায়ী বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থার দাবি জানান তাঁরা।

নোটিশ ছাড়াই বরখাস্তের সিদ্ধান্ত:

ছাত্রদের প্রতিবাদের মুখে ওই দিনই জরুরি বৈঠকে বসে কলেজের গভর্নিং বডি। সর্বসম্মতিক্রমে সোহেলী আক্তারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম জানান, সরকারি ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গভর্নিং বডির সভাপতি সাইফুল ইসলামও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আইনি প্রশ্ন ও শিক্ষিকার বক্তব্য:

অবাক করার বিষয় হলো, কোনো ধরনের শোকজ় নোটিশ ছাড়াই এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোহেলী আক্তার সংবাদমাধ্যমের কাছ থেকে নিজের বরখাস্তের খবর জানতে পারেন। অসহায় কণ্ঠে তিনি বলেন, “আমাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, সাংবাদিকদের কাছ থেকে বরখাস্তের কথা শুনেছি। আমার অপরাধ কী, সেটাই আমি জানি না।”

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একজন শিক্ষককে এভাবে বরখাস্ত করায় পুরো এলাকায় ও শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *