দমদম বিমানবন্দরে লঙ্কারাণ্ড! এটিসি টাওয়ারের ৩ তলায় ভয়াবহ আগুন, রেহাই পেল বিমান পরিষেবা – এবেলা

এবেলা ডেস্কঃ
মঙ্গলবার ভোর ৪টে নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক (দমদম) বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) বিল্ডিংয়ে আচমকাই আগুন ধরে যায়। ৩ তলা থেকে আগুনের ফুলকি ও কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মী ও যাত্রীদের মধ্যে। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে তিনতলার একাংশে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের নিজস্ব দমকলের ১টি ইঞ্জিন এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ২টি ইঞ্জিন আনা হয়। তিনটি ইঞ্জিনের টানা চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক তদন্তে দমকল ও বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমান, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি ভবনটিতে তেরঙ্গা টুনি লাইট দিয়ে আলোকসজ্জা করা হয়েছিল। সেই লাইট থেকেই শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।
উল্লেখ্য, এটিসি বিল্ডিংয়ের ৮ তলা থেকেই গোটা বিমানবন্দরের সমস্ত বিমান ওঠানামা ও পথনির্দেশ পরিচালনা করা হয়। ফলে এই ভবনে আগুন লাগায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ঘটনায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এটিসির মূল পরিষেবা ও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
