তারাপীঠ কাণ্ড: প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ? হোটেলে ৯ জনের মৃত্যুর পর নামল ডুবুরি – এবেলা

তারাপীঠ কাণ্ড: প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ? হোটেলে ৯ জনের মৃত্যুর পর নামল ডুবুরি – এবেলা

এবেলা ডেস্কঃ

তারাপীঠ: রামপুরহাটের বিখ্যাত তীর্থক্ষেত্র তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ঘটে যাওয়া নারকীয় অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার সকাল থেকে পাশের পুকুরে তল্লাশি শুরু করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার শ্বাসরোধকারী পরিবেশ থেকে বাঁচতে কোনো আবাসিক পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কি না, তা নিশ্চিত করতেই এই উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকেই স্পিডবোট এবং প্রশিক্ষিত ডুবুরিদের নামিয়ে পুকুরের তলদেশে জোরদার তল্লাশি চলছে। দুর্ঘটনার পর থেকে কেউ নিখোঁজ রয়েছেন কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

উল্লেখ্য, সোমবার ভোররাতে তারাপীঠ থানা সংলগ্ন ওই হোটেলটিতে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় পুরো ভবনটি। হোটেলের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জন আবাসিক মেঘালয় ও আলিপুরদুয়ারের পর্যটকদের।

প্রাথমিক তদন্তে হোটেল কর্তৃপক্ষের চরম গাফিলতির ছবি স্পষ্ট উঠে এসেছে। অভিযোগ, বিপদের মুহূর্তে জরুরি বেরোনোর দরজা (Emergency Exit) খোলে নি এবং হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল সম্পূর্ণ অকেজো। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে হোটেল মালিকের ছেলেকে গ্রেফতার করেছে।

এদিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদের ময়নাতদন্তের কাজ চলছে। মেঘালয়ের পাঁচ বাসিন্দার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হাতে তুলে দিয়ে মেঘালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাকি চারজন আলিপুরদুয়ারের বাসিন্দার ময়নাতদন্তও দ্রুত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *