সোনাকে পেছনে ফেলে হু হু করে বাড়ছে তামার দাম, হঠাৎ এই রেকর্ড চাহিদা – এবেলা

এবেলা ডেস্কঃ
একদিকে যখন সোনা ও রুপোর দামে পতন লক্ষ্য করা যাচ্ছে, তখন উলটো ছবি তৈরি হয়েছে তামার বাজারে। বিশ্বজুড়ে পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার দৌড়ে এবং বৈদ্যুতিক গাড়ি, রিনিউবল এনার্জি প্রকল্প ও ডেটা সেন্টারের ব্যাপক প্রসারের কারণে হু হু করে বাড়ছে এই ধাতুর চাহিদা। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতেও তামার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অগাস্টে ভারতের ফিউচার্স বাজারে তামার কনট্র্যাক্ট প্রতি কেজি প্রায় ১,৪০০ টাকায় ট্রেড করেছে, যা ধাতুটির অভাবনীয় চাহিদারই স্পষ্ট প্রমাণ।
এদিকে নতুন খনি তৈরি ও সরবরাহ স্বাভাবিক করা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হওয়ায় বাজারে জোগান সংকট তৈরি হয়েছে। তা সত্ত্বেও উৎপাদক ও প্রস্তুতকারক সংস্থাগুলি দাম কমার অপেক্ষা না করে অতিরিক্ত অর্থ দিয়েও তামা সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলির অনুমান, আগামী দিনে বিশ্বজুড়ে তামার চাহিদা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। ভারতের ক্ষেত্রেও দেশীয় উৎপাদন পর্যাপ্ত না থাকায় আমদানির ওপর নির্ভরতা বাড়ছে, যা বাজারের সামগ্রিক গতিপ্রকৃতি বদলে দিচ্ছে।
