ট্রেনের খাবারে ভেজাল? রেলযাত্রীদের সুরক্ষায় IRCTC-র বড় পদক্ষেপ! – এবেলা

এবেলা ডেস্কঃ
রেলযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় খাবার ও পানীয় জলের গুণমান এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দেশজুড়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। ট্রেন ও রেলস্টেশনগুলিতে বেআইনি ও অননুমোদিত খাবার, আইসক্রিম এবং প্যাকেজড পানীয় জল বিক্রি বন্ধে শুরু হয়েছে বিশেষ অভিযান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলের কমার্শিয়াল বিভাগের যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে ‘কুইক রেসপন্স টিম’ (QRT)। এই দলগুলি আচমকা পরিদর্শন চালিয়ে লাইসেন্স, পরিচ্ছন্নতা, সংরক্ষণের ব্যবস্থা এবং খাদ্য সুরক্ষার নিয়মাবলি কড়াভাবে খতিয়ে দেখছে।
অভিযানের মূল আপডেট:
- লখনউ ও চণ্ডীগড় রিজিয়ন: লখনউ রিজিয়নের ১১৭টি ট্রেনে তল্লাশি চালিয়ে ৫,২৪১ বোতল এবং চণ্ডীগড় রিজিয়নের ৫১টি ট্রেনে অভিযান চালিয়ে ৩,১০৮ বোতল অননুমোদিত জল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া আম্বালা ও সাহারানপুরে বেআইনি আইসক্রিম, ফ্লেভার্ড মিল্ক ও অন্যান্য অননুমোদিত খাদ্যপণ্য উদ্ধার করা হয়।
- সাবরমতী ও হাওড়া: সাবরমতী স্টেশনে দুটি ট্রেনে তোলার সময় বেআইনি জল ও বাটারমিল্ক বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে, হাওড়ায় আচমকা পরিদর্শন চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত জল ও খাবার বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে।
- উত্তর-পূর্ব ভারত: গুয়াহাটি, কামাখ্যা, নিউ জলপাইগুড়ি, কাটিহার ও ডিব্রুগড়সহ একাধিক স্টেশনে স্ট্যাটিক ইউনিট ও ট্রেনগুলিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়েছে।
খাবারের অতিরিক্ত দাম নেওয়া, কর্মীদের নথি না থাকা বা অস্বাস্থ্যকর পরিবেশের মতো অনিয়ম পেলেই বাজেয়াপ্ত দ্রব্য তৎক্ষণাৎ নষ্ট করা হচ্ছে। IRCTC স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ক্যাটারিং সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করলে ঠিকাদার ও লাইসেন্সধারীদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের কাছে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা পৌঁছে দিতে এই তদারকি অভিযান আগামী দিনেও নিয়মিত জারি থাকবে।
