বনকর্মীদের জন্য বড় খবর: অক্টোবর থেকেই বেতন বাড়ছে ৫ হাজার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

বনকর্মীদের জন্য বড় খবর: অক্টোবর থেকেই বেতন বাড়ছে ৫ হাজার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার মোহরকুঞ্জে আয়োজিত ‘সবুজ স্বাধীনতা’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে বনকর্মীদের জন্য একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার তিনি জানান যে আগামী অক্টোবর মাস থেকে ফরেস্ট গার্ড, রেঞ্জার এবং বিট অফিসারদের বেতন প্রতি মাসে ৫,০০০ টাকা করে বৃদ্ধি করা হবে। একই সাথে, বন সহায়কদের বেতনও ২,০০০ টাকা বাড়িয়ে ১২,০০০ টাকা করার কথা ঘোষণা করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ২,০০০ বনকর্মী ও দীর্ঘদিনের দাবি জানানো বন সহায়করা সরাসরি উপকৃত হবেন। বর্ধিত এই বেতন আগামী অক্টোবর থেকেই কার্যকর হবে।

অনুষ্ঠানে তিলোত্তমাকে আরও সবুজ করে তোলার একাধিক পরিকল্পনার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, শুধু গাছ লাগিয়ে ছবি তুললেই হবে না, সেগুলির সঠিক পরিচর্যাও প্রয়োজন। বনাঞ্চল তৈরির কাজে অর্থের কোনো অভাব হবে না জানিয়ে তিনি বলেন, এই প্রকল্পের আওতায় তিন বছর ধরে রোপণ করা গাছের রক্ষণাবেক্ষণ করা হবে। ভবানীপুরে মোট ১ লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে আজই ৫০ হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে। এই কাজের সিংহভাগ খরচ বহন করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।

তিনি আরও জানান, উত্তরপ্রদেশের আদলে পশ্চিমবঙ্গেও এই বছর ১০ কোটি গাছ লাগানোর প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও প্লাবন থেকে উপকূল অঞ্চলকে রক্ষা করতে আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সুন্দরবনে ১ কোটি ম্যানগ্রোভ রোপণের বিশেষ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *