‘ছবি তুলে দায়িত্ব শেষ নয়’, সবুজায়নে জোর দিয়ে ফরেস্ট রেঞ্জার ও গার্ডদের বেতন বাড়াল রাজ্য – এবেলা

এবেলা ডেস্কঃ
জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে কেবল ‘একটি গাছ একটি প্রাণ’ স্লোগান বা সস্তা প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবেশ রক্ষা সম্ভব নয়। বৃক্ষরোপণকে সঠিকভাবে বাস্তবায়িত করতে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্প ‘একটি গাছ মায়ের নামে’-র অধীনে আয়োজিত কর্মসূচিতে নিজে হাতে গাছ পুঁতে সবুজায়নের বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে গাছ লাগানো ও তার যথাযথ পরিচর্যার ওপর বিশেষভাবে জোর দিয়ে বলা হয়, “অনেকেই গাছ লাগিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেই নিজেদের দায়িত্ব শেষ মনে করেন। কিন্তু কেবল ছবি তুললেই হবে না, গাছটিকে অন্তত দুই বছর লালন-পালন করে বড় করে তুলতে হবে।” শহরের ভারসাম্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে কলকাতার মতো ঘিঞ্জি এলাকার ‘ফুসফুস’ বাঁচিয়ে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। আকাশপথে ভ্রমণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলা হয়, নিউটাউনের কিছু অংশ সবুজ দেখা গেলেও বাকিটা ধোঁয়াটে ও ধূসর লাগে, তাই সর্বত্র সবুজের ছোঁয়া বাড়ানো জরুরি।
একই সঙ্গে সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষায় বনদপ্তরের পক্ষ থেকে ৩ কোটি গাছ দেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, প্রতিকূল পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা বনদপ্তরের কর্মীদের জন্য বড় ঘোষণা দেওয়া হয়েছে। অক্টোবর তথা পুজোর মাস থেকেই ফরেস্ট রেঞ্জার ও গার্ডদের বেতন ৫,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। এছাড়াও, বন সহায়কদের বর্তমান ১০,০০০ টাকার ভাতা বাড়িয়ে আগামী অক্টোবর থেকে ১২,০০০ টাকা করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
