ফোন করে ডেকে এনে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ! নাম জড়াল বিজেপি নেতার – এবেলা

এবেলা ডেস্কঃ
শীতলকুচি ব্লকের বামনপাড়া গ্রামের এক ব্যবসায়ীর ছেলেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতের বাবা সইজার মিয়াঁ। অভিযোগে বলা হয়েছে, গত শনিবার তাঁর বড়ো ছেলে ইসমাইল মিয়াঁকে গোঁসাইরহাট বাজার থেকে ফোন করে শীতলকুচির সেন্ট্রাল ব্যাংকের সামনে আসতে বলা হয়। এরপর সেখান থেকে বিডিও অফিস সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে কয়েকজন দুষ্কৃতী তাকে জোর করে বাইকে তুলে একটি নির্জন স্থানে আটকে রাখে।
সেখানে আগ্নেয়াস্ত্রের মুখে মারধর করে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায় করার পর গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর বিষয় হলো, যে মোবাইল নম্বর থেকে ফোন করে ডেকে পাঠানো হয়েছিল, সেটি বিজেপির ২৩০ নম্বর বুথ সভাপতি দীপু বর্মনের বলে দাবি অভিযোগকারীর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিজেপি নেতা জানান তিনি বাদীকে চেনেন না। এদিকে পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
