২৮ অগস্ট রাজ্যজুড়ে পালিত হবে রাখিবন্ধন: রবীন্দ্রসঙ্গীত ও লোকশিল্পের সঙ্গে উদযাপনের বড় উদ্যোগ নবান্নের – এবেলা
August 19, 2026

এবেলা ডেস্কঃ
২৮ অগস্ট রাজ্যজুড়ে সামাজিক ও ঐতিহ্যবাহী ‘রাখিবন্ধন’ উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জাতীয় সংহতি, ভাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও মজবুত করতেই তৃণমূল পর্যায় থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব ড. সৌমিত্র মোহন (IAS) কলকাতা পুরসভার কমিশনারসহ সমস্ত জেলার জেলা শাসকদের বিস্তারিত নির্দেশনা পাঠিয়েছেন।
অনুষ্ঠানের বিস্তার ও মূল আয়োজন:
- ব্যাপক অংশগ্রহণ: শহর ও গ্রামের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক, মহকুমা, জেলা সদর এবং কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে রাখিবন্ধন পালিত হবে। অন্যান্য পুরসভাগুলির অন্তত ৪-৫টি নির্বাচিত ওয়ার্ডেও বিশেষ আয়োজন থাকবে।
- তেরঙ্গা রাখি: এবারের উদযাপনের মূল আকর্ষণ হলো ‘তেরঙ্গা রাখি’। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর জাতীয় পতাকার তিন রঙের এই বিশেষ রাখি দ্রুত জেলাগুলিতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে।
- সাংস্কৃতিক পরিবেশনা: বাংলার নিজস্ব ঐতিহ্য তুলে ধরতে এই দিনে আয়োজন করা হবে রবীন্দ্রসংগীত, রবীন্দ্রনৃত্য, বাউল এবং স্থানীয় লোকসঙ্গীতের আসর। উদযাপনে যুক্ত করা হচ্ছে স্থানীয় সাংস্কৃতিক সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী, যুব সংগঠন ও মহিলা সমিতিকে।
তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির জন্য আর্থিক বরাদ্দ ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। নবান্নের পক্ষ থেকে সরকারি আর্থিক বিধি কড়াভাবে মেনে চলার নির্দেশ দেওয়ার পাশাপাশি উৎসব শেষে ছবিসহ বিস্তারিত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে বলা হয়েছে।
