রাস্তায় চেয়ার-টেবিল পেতে জেরা! ভাঙড় থানায় শওকতের করুণ দশা দেখতে উপচে পড়া ভিড় – এবেলা

এবেলা ডেস্কঃ
বারুইপুর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে থাকা তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা দাপুটে নেতা শওকত মোল্লার অস্বস্তি আরও বাড়ল। দোকান ভাঙচুর ও লুটপাটের একটি মামলায় বারুইপুর মহকুমা আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে মঙ্গলবার ভাঙড় থানার সামনে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য— থানার বাইরে খোলা জায়গায় চেয়ার-টেবিল পেতে বসেই শওকতকে জেরা করলেন পুলিশ আধিকারিকরা।
যে নেতার দাপটে একসময় এলাকায় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, তাঁর এই করুণ পরিণতি সামনা-সামনি দেখতে থানার বাইরে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক ভিড় জমে যায়।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৭ এপ্রিল। অভিযোগ, সেদিন অস্ত্রশস্ত্র নিয়ে জনৈক ব্যবসায়ী খুরশিদ আলমের বাড়ি ও দোকানে ঢুকে তাণ্ডব চালায় শওকতের অনুগামীরা। এর ঠিক দু’মাস পর, ১৮ জুন বোদরা বাজারে ওই ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ৮ লক্ষ টাকার সামগ্রী লুট করা হয় এবং গাড়ি দিয়ে দোকানটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। গত ১২ জুলাই বোদরা থানায় শওকত-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আদালতের নির্দেশে সোমবার রাতে শওকতকে ভাঙড় থানায় নিয়ে আসা হয় এবং মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় কড়া জিজ্ঞাসাবাদ। থানার ভেতরে নয়, বরং বাইরে চেয়ার-টেবিল পেতে তাঁকে বসিয়ে জেরা করা ছিল এক অদ্ভুত দৃশ্য। উৎসুক জনতা যাতে ছবি তুলতে না পারে, সেজন্য পুলিশ যানবাহন চলাচলের রাস্তা ঘুরিয়ে দিলেও সাধারণ মানুষের কৌতুহল থামানো যায়নি। এলাকার ‘দাপুটে’ নেতাকে এমন অসহায় অবস্থায় দেখতে থানার চারপাশে উৎসুক মানুষের ঢল নামে।
