স্কুল ফেলে জনগণনা! শিক্ষকদের নিয়োগ নিয়ে কেন্দ্র ও রাজ্যকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ
জনগণনার কাজে স্কুল শিক্ষকদের নিয়োগ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে প্রশ্ন তুলেছেন, কোন যুক্তিতে বিদ্যালয়ের কাজের সময়ে শিক্ষকদের সেন্সাসের কাজে যুক্ত করা হচ্ছে? শিক্ষাক্ষেত্রে এর বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালত জানতে চেয়েছে, কেন্দ্র কি কোনো আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে? সরকারি নির্দেশিকায় সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই কাজ বাধ্যতামূলকভাবে করার কথা বলা হয়েছে, যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত।
আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, শিক্ষকদের বিকল্প হিসেবে পুরসভা বা পঞ্চায়েতের অশিক্ষক কর্মীদের এই কাজে ব্যবহার করা যেতে পারে। এছাড়া কাজের সময় পরিবর্তনের পরামর্শও দিয়েছেন বিচারপতি। স্কুল চালু রেখে কীভাবে এই কাজ সম্ভব, তা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে যথাযথ পরিকল্পনার নির্দেশ দিয়েছেন তিনি। শিক্ষকদের কাজের সময় নিয়ে সমন্বয়ের অভাবের কথা উল্লেখ করে আদালত। এই পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকার পরবর্তী সিদ্ধান্ত জানানোর জন্য একদিন সময় চেয়েছে। বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
