সাড়ে তিন হাজার শূন্যপদ! রাজ্যের আদালতে বেঞ্চ ক্লার্ক নিয়োগ নিয়ে বড় দাবি! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের বিভিন্ন আদালতে শূন্যপদে বেঞ্চ ক্লার্ক নিয়োগ এবং বিচারপ্রার্থীদের পরিষেবার মান উন্নত করার দাবিতে এবার জোরালো সরব হয়েছে সংশ্লিষ্ট মহল। এই বিষয়ে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে কলকাতা হাইকোর্ট, রাজ্যের আইনমন্ত্রী ও বিচার বিভাগের প্রিন্সিপাল সচিব সহ বিভিন্ন জেলা আদালতে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক সৌমেন ঘোষাল জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন মুন্সেফ কোর্ট, মহকুমা ও জেলা আদালতে প্রায় সাড়ে তিন হাজারের মতো বেঞ্চ ক্লার্কের পদ শূন্য রয়েছে।
যথেষ্ট কর্মচারীর অভাবে বর্তমানে প্রতিটি কোর্টে কর্মরত অল্পসংখ্যক কর্মীর ওপর অতিরিক্ত কাজের প্রবল চাপ তৈরি হয়েছে, যার ফলে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি ব্যাহত হচ্ছে। পাশাপাশি, উপযুক্ত পরিষেবার অভাবে প্রতিদিন আদালতে আসা বিচারপ্রার্থীরা নানা সমস্যার মুখে পড়ছেন। বিচার ব্যবস্থার এই বেহাল দশা কাটাতে এবং কার্যক্রমে গতি আনতে অবিলম্বে শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগের জন্য জরুরি ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে সমিতি।
