শিক্ষকদের ছুটিতে বড় বদল, বার্ষিক ছুটি বাড়িয়ে ৮০ দিন করার দাবিতে স্মারকলিপি শিক্ষামন্ত্রীকে – এবেলা

শিক্ষকদের ছুটিতে বড় বদল, বার্ষিক ছুটি বাড়িয়ে ৮০ দিন করার দাবিতে স্মারকলিপি শিক্ষামন্ত্রীকে – এবেলা

এবেলা ডেস্কঃ

টেট সমস্যার দ্রুত সমাধান, সেন্সাসের কাজের দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশেষ ‘অন ডিউটি’ ছুটি প্রদান এবং শিক্ষক সমাজকে স্বস্তি দিতে বার্ষিক ছুটি ৬৫ দিন থেকে বাড়িয়ে ৮০ দিন করার জোরাল দাবি তোলা হলো রাজ্য সরকারের কাছে। মঙ্গলবার এই মর্মে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনের হাতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। এই স্মারকলিপিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থার একাধিক জটিল সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্য সরকারের বিশেষ হস্তক্ষেপ প্রার্থনা করা হয়।

স্মারকলিপিতে শুধু ছুটির মেয়াদ বাড়ানোর প্রস্তাবই নয়, বরং শিক্ষক স্থানান্তরের ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফারের সুবিধা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে প্রসারিত করা এবং বদলির আবেদনের যোগ্যতায় ন্যূনতম পাঁচ বছরের চাকরির শর্ত বাতিলেরও দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি, বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে চালু থাকা সেমিস্টার প্রথা অবিলম্বে রদ করার পক্ষেও সওয়াল করে সংগঠনটি। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী দাবি করেন যে শিক্ষামন্ত্রী তাঁদের এই পেশ করা দাবিগুলো খতিয়ে দেখে নীতিগতভাবে মেনে নিয়েছেন, যদিও এ বিষয়ে মন্ত্রীর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *